
ভারতের উত্তর প্রদেশ-এর হাতরাস জেলায় প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে এক বিবাহিত নারী মোবাইল টাওয়ারে উঠে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সাসনি থানা এলাকার লুটসান রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর বয়সী ওই নারী হঠাৎ করেই একটি মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সাসনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপিন চৌধুরী জানান, ওই নারীকে নামানোর জন্য বারবার চেষ্টা করা হলেও তিনি নিচে নামতে অস্বীকৃতি জানান।
পুলিশ জানায়, পূজা নামের ওই নারীর প্রায় দুই বছর আগে বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে অসন্তুষ্ট হয়ে তিনি পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে থাকতে চান। এ দাবিতেই তিনি এমন কাণ্ড ঘটান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দমকল কর্মীরা দীর্ঘ সময় ধরে চেষ্টা চালান। পরে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। প্রায় তিন ঘণ্টা টাওয়ারের ওপর অবস্থান করার পর তাকে উদ্ধার করা হয়।
ঘটনার সময় তীব্র গরম উপেক্ষা করে নারীটির টাওয়ারের ওপর অবস্থান স্থানীয়দের বিস্মিত করে। শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ছাড়াই তাকে উদ্ধার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।