
প্রবাসীদের পাঠানো অর্থ দেশে সঞ্চয়, ব্যয় ও বিনিয়োগের সুযোগ বাড়াতে ‘অনাবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ নামে বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় প্রবাসীরা দেশে একাধিক ব্যাংকে হিসাব খোলার পাশাপাশি জমা অর্থের বিপরীতে ঋণ নেওয়া এবং নির্দিষ্ট শর্তে অর্থ বিদেশে পাঠানোর সুযোগ পাবেন।
বৈধ পথে প্রবাসী আয় বাড়ানো, রেমিট্যান্সের কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এ হিসাব খুলতে পারবেন। প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি ও মেয়াদি—এই তিন ধরনের হিসাব খোলার সুযোগ থাকবে।
বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো অর্থ এ হিসাবে জমা করা যাবে। এ ছাড়া নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব থেকে স্থানান্তর করা অর্থও জমা রাখার সুযোগ থাকবে।
ব্যয়, বিনিয়োগ ও ঋণের সুবিধা
হিসাবে জমা অর্থ দিয়ে দেশে দৈনন্দিন ব্যয় মেটানো, অন্য ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করতে পারবেন প্রবাসীরা। পাশাপাশি হিসাবের জমা অর্থ জামানত হিসেবে রেখে ঋণ নেওয়ার সুবিধাও থাকবে।
নতুন ব্যবস্থায় হিসাবের মূল অর্থ এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা নির্ধারিত নিয়ম অনুসরণ করে বিদেশে পাঠানো যাবে। ফলে দেশে অর্থ রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তা ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সুযোগ পাবেন প্রবাসীরা।
অনলাইনেও হিসাব খোলার সুযোগ
প্রবাসীদের ব্যাংকিং সেবা সহজ করতে অনলাইনে হিসাব খোলা এবং ই-ব্যাংকিং সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর ফলে বিদেশে অবস্থান করেও দেশে ব্যাংক হিসাব পরিচালনা ও আর্থিক লেনদেন করা সহজ হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করা এবং দেশে সঞ্চয় ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।