
বছর ঘুরে আবারও এলো সিয়াম সাধনার মাস। পবিত্র মাহে রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে শুরু হয়েছে তারাবি নামাজ, আর প্রথম রাতেই রাজধানীর জাতীয় মসজিদে দেখা গেল মুসল্লিদের ঢল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এশার নামাজের আগেই মসজিদ প্রাঙ্গণে মুসল্লিরা এসে সারিবদ্ধভাবে অবস্থান নেন। অনেকের হাতে ছিল জায়নামাজ ও তসবিহ। কেউ কেউ নামাজের আগে আতর ব্যবহার করেন, আবার পরিচিতজনদের মধ্যেও তা বিতরণ করতে দেখা যায়। মসজিদের প্রবেশমুখে অস্থায়ীভাবে বসে আতর ও টুপির দোকানও।
মগবাজার থেকে নামাজ আদায় করতে আসা আলাউদ্দিন নামের এক যুবক বলেন, ‘জাতীয় মসজিদে আজকেই সর্বপ্রথম নামাজ পড়তে এসেছি। এর আগে কখনো এখানে নামাজ পড়ার তৌফিক হয়নি। মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি আমাকে দেশের সর্ববৃহৎ এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আমি চাই বাংলাদেশে ইসলামিক আইন চালু হোক। মানুষ আল্লাহর পথে ফিরে আসুক।’
শুধু বায়তুল মোকাররমেই নয়, রাজধানীর অন্যান্য মসজিদেও তারাবি নামাজে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও জায়গা সংকুলান না হওয়ায় অনেকে মসজিদের বাইরে চট বিছিয়ে নামাজ আদায় করেন।
এর আগে সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য দেশের সব জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ ও পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে, বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে।
তিনি আরও জানান, রমজান গণনা অনুযায়ী আগামী ২৬ রমজান ১৬ মার্চ (সোমবার) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। তিনি বলেন, ‘মহান আল্লাহ পাক আমাদের সবার নেক আমলগুলো কবুল করুক।’
