
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী এবং দেশের অভ্যন্তরীণ ভোটারদের কাছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট পৌঁছেছে।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এ পর্যন্ত প্রবাসীদের মধ্যে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
তিনি আরও জানান, রবিবার বেলা ১১টা পর্যন্ত প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন তাদের ব্যালট গ্রহণ করেছেন, এবং ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ইতোমধ্যে ভোট দিয়েছেন। এছাড়া ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন প্রবাসী ভোটার ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে জমা দিয়েছেন, যার মধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
দেশের অভ্যন্তরে (আইসিপিভি) ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে। এ পর্যন্ত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। দেশের ভেতরে রবিবার বেলা ১১টা পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোট দিয়েছেন এবং ৩ লাখ ৪৪ হাজার ৮২৬ জন ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান বলেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।