
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন ২২টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বিজিবির সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ।
তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি তৎপর রয়েছে। পূজামণ্ডপসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
কোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
এ সময় বিজিবির খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়নের অধিনায়কসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।