পারিবারিক কলহের জেরে রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে রেজাউল করিম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকালে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুল করিম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি বাড়িতেই ছিলেন এবং চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পারিবারিক কলহে জড়িয়ে পড়েন তিনি।
স্থানীয়রা জানান, নিহত রেজাউল করিমের সঙ্গে তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলছিল। সোমবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। সেই সময় মায়ের পক্ষ নিয়ে রাকিবুল উত্তেজিত হয়ে পড়েন।
পরিস্থিতির এক পর্যায়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে রেজাউল করিম গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাকিবুল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নয়। তবে ঘটনাক্রমে ছেলের লাঠির আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাবার মাথায় লাঠি মেরেই ছেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন বলে এলাকার লোকজন জানিয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।