
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র্যালী, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ড নারায়নপুর মহল্লায় এই কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডালু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিনসহ অনেকে।
কর্মসূচীতে অংশগ্রহনকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিনদিনের বেশি সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।