
ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার ঘরের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অনন্য কীর্তি গড়েছে বাংলাদেশ দল। গৌরবময় এই অর্জনের পর দেশসেরা ক্রিকেটারদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২০ মে ২০২৬) সিলেটের মাটিতে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানের ব্যবধানে ধুলোয় মিশিয়ে দেয় টাইগাররা। এর আগে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০৪ রানের দাপুটে জয় পেয়েছিল স্বাগতিকরা। এর মধ্য দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি সফরকারী পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার অবিস্মরণীয় নজির গড়ল বাংলাদেশ ক্রিকেট দল।
ঐতিহাসিক এই সিরিজ জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও এক বিশাল লাফ দিয়েছে বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে টেবিলের পঞ্চম স্থানে নিজেদের আসন পোক্ত করেছে লাল-সবুজের দল। বর্তমানে বাংলাদেশের ঝুলিতে রয়েছে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। অন্যদিকে, ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্ব ক্রিকেটের আঙিনায় বাংলাদেশের এই সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং এই গৌরবময় অর্জন দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়াঙ্গনে আরও বেশি সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
সরকার প্রধান আরও আশা প্রকাশ করেন যে—দলীয় ঐক্য, কঠোর শৃঙ্খলা ও অটুট আত্মবিশ্বাসকে মূল পুঁজি করে বাংলাদেশ ক্রিকেট দল আগামী দিনে বিশ্বমঞ্চে নিজেদের আরও উঁচুতে নিয়ে যাবে। ঐতিহাসিক এই জয়ের রূপকার দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দনবার্তায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।