
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার সূর্যাস্তের পর থেকেই শুরু হবে এই মহিমান্বিত রাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালন করা হবে পবিত্র এই রজনী।
ইসলাম ধর্মে লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহতায়ালা এই রাতকে বিশেষ মর্যাদা দিয়েছেন। বিশ্বাস করা হয়, হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদতের ফজিলত বেশি। এ রাতে আল্লাহর অগণিত রহমত ও নিয়ামত নাজিল হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন এবং তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত প্রার্থনা করবেন।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, পবিত্র রমজান মাসের এই রাতেই নাজিল হয়েছিল পবিত্র আল কোরআন। সেই কারণে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেশের বিভিন্ন স্থানে মসজিদ ও বাসাবাড়িতে রাতভর ইবাদতে মশগুল থাকবেন মুসল্লিরা। এ রাতে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল এবং আখেরি মোনাজাতের আয়োজন করা হবে।
পবিত্র শবে কদর উপলক্ষে পরদিন সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান এবং বিশেষ আখেরি মোনাজাতের আয়োজন থাকবে।
সাধারণত তারাবির নামাজের পর থেকেই দেশের অধিকাংশ মসজিদে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন মুসল্লিরা।
এই পবিত্র উপলক্ষকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। পাশাপাশি বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও স্টেশনগুলোতেও থাকবে বিশেষ আয়োজন। এছাড়া দেশের সংবাদপত্রগুলোতে প্রকাশিত হবে শবে কদর উপলক্ষে বিশেষ নিবন্ধ।