
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা দুই দিন দেশের ব্যাংকিং কার্যক্রম স্থগিত থাকবে। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এ তথ্য জানায়। এ সময় ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।
বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটির ঘোষণাও দেয় সরকার।