
এলপিজির মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় দেশের কোথাও কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগের কথাও তুলে ধরেন তিনি। খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি কিংবা সরবরাহে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে।
জাহেদ উর রহমান জানান, শুধু সেপ্টেম্বর মাসেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। তার আশা, এসব পদক্ষেপের ফলে এলপিজি নিয়ে তৈরি হওয়া সংকট ধীরে ধীরে কমে আসবে।
রেল ও দরিদ্র মানুষের সহায়তায় সরকারের নতুন উদ্যোগ
রেল যোগাযোগকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
একই সঙ্গে দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষের সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে দরিদ্র ও ভঙ্গুর অবস্থায় থাকা মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়ছে। তাদের কিছুটা স্বস্তি দিতে ভিজিএফ কার্ডের আওতা বাড়ানোর পাশাপাশি সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হচ্ছে। নতুন ব্যবস্থায় কার্ডধারীদের প্রত্যেককে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
চট্টগ্রাম বন্দর ও তিস্তা নিয়ে সরকারের অবস্থান
চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তা রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই নেওয়া হবে বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারের কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিপক্ষে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হবে।
তিনি বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকেও দুঃখজনক বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি জানান, প্রাথমিকভাবে হামলায় জড়িতদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি হামলার ঘটনায় ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। এ প্রকল্পের অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে—তা আলাদা বিষয় বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।
এ ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশার কিছু ইতিবাচক দিক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে জানান উপদেষ্টা।