
আসন্ন শারদীয় দুর্গাপূজা ও টানা পাঁচ দিনের ছুটিতে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (১১ অক্টোবর) দুপুর ৩টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব সুন্দরভাবে উদযাপনের পাশাপাশি পাঁচ দিনের ছুটিতে মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে হবে। সড়ক, রেল ও নৌপথে সম্ভাব্য যাত্রীচাপ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যেন উৎসবের আনন্দ ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিদ্যমান সক্ষমতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় ছুটিতে অতিরিক্ত যাত্রীচাপ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ বাস সার্ভিস চালু, প্রয়োজনীয়সংখ্যক ফেরি প্রস্তুত রাখা, অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা এবং সেতুর টোল প্লাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন।
এ ছাড়া ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো সাময়িক মেরামতের মাধ্যমে চলাচল উপযোগী রাখা, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে যাত্রীচাপ বিবেচনায় তিন জোড়া বিশেষ ট্রেন চালু এবং অন্যান্য রুটে অতিরিক্ত কোচ সংযোজনের নির্দেশনা দেওয়া হয়। টিকিটের কালোবাজারি বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সম্ভাব্য জনসমাগম ও যাতায়াত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং সড়ক, রেল ও নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা, বাস মালিক সমিতি ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং ছুটিতে সবার নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।