
রাজধানীর মিরপুরে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদের পর পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করার অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত শনিবার রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ওই কর্মসূচিতেও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তানভীর জোমাদ্দার।
পরিদর্শন চলাকালে তানভীর প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর আরও কাছে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
৩৩ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান
ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ছাত্রলীগ নেতার সন্ধানে তৎপর হন। পরে মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাত পরিদর্শনের সময় তানভীর পুলিশ সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীর পিছু নেন। একপর্যায়ে অন্যদের পেছনে ফেলে তিনি তারেক রহমানের কাছাকাছি পৌঁছে যান।
ভিডিও যাচাই করে গ্রেপ্তার, চলছে আইনগত প্রক্রিয়া
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে ফুটপাত পরিদর্শনে গেলে এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন।
ওসি জানান, ঘটনার ভিডিও যাচাই-বাছাই করার পর তানভীর জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।