
ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে নদীর তীর সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, দূষণের উৎস নিয়ন্ত্রণ এবং আধুনিক নৌযান ও নৌস্টেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, চলমান পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালু করা সম্ভব হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন—এমন ব্যক্তিদের সঙ্গে হাঁটায় অংশ নেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, নদীর দুই পাশ সংরক্ষণ করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তবে কিছু এলাকায় ওয়াকওয়ের সংযোগ অসম্পূর্ণ রয়েছে। এসব মিসিং লিংকও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নদীর তীর এমনভাবে গড়ে তুলতে চায় সরকার, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, মানুষকে নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে আজকের কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্য হলো তাঁদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
নদী দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় ব্যাপক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ করা সহজ হচ্ছে। পাশাপাশি নদীর পাড়ে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও এসব অবকাঠামো ইতিবাচক ভূমিকা রাখছে। যেসব এলাকায় এখনো ওয়াকওয়ে নির্মাণ বাকি রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানান, নদীদূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে কার্যক্রম চলছে।
ঢাকার চারপাশের নদীগুলোতে নৌযান চলাচল ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, নদীকে শুধু যোগাযোগের মাধ্যম নয়, পর্যটন ও বিনোদনের আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘাট ও স্টেশন সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বয় করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। এর অন্যতম কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশের অভাব। তবে বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। এর ফলে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রমও সম্প্রসারিত হবে। একই সঙ্গে নদী দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম আরও কার্যকর হবে।
বিআইডব্লিউটিএর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে এবং নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন নৌপরিবহনমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, সংস্থাটির অর্থ, পরিকল্পনা ও পরিচালন এবং প্রকৌশল বিভাগের সদস্যসহ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।