
রাজনৈতিক অঙ্গনে ব্যস্ততার মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিজয়ী সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির একাধিক সূত্র জানায়, একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রচলিত রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এবার সেই ধারার বাইরে গিয়ে সংসদ প্রাঙ্গণেই আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তথ্য অনুযায়ী, নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এই অনুষ্ঠান উপলক্ষে ভারত, চীন, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শপথ গ্রহণ শেষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। পরে সেই নেতা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা পেয়েছেন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন।
সংবিধানের ১৪৮ (১) অনুচ্ছেদে বলা আছে, বিদায়ী স্পিকার নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। তবে গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী পদত্যাগ করলেও শপথ পাঠের দায়িত্ব তার ওপরই বর্তায়। অন্যদিকে, বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে আছেন এবং তিনি পদত্যাগ করেননি। সংবিধানের ১৪৮ (২) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছ থেকেও এমপিরা শপথ নিতে পারেন।
এছাড়া ১৪৮ (২ক) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ না পড়ালে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। সেই বিধান অনুসারেই গেজেট প্রকাশের তিন দিন পর মঙ্গলবার সিইসি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন।
নতুন সরকারের শপথ আয়োজন নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। বিএনপির নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার ১৩ দেশের সরকারপ্রধানকে অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, চীন, পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, তুরস্ক ও ব্রুনেই।
এদিকে নতুন মন্ত্রীদের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রীদের যানবাহন প্রস্তুত রাখা হয়েছে এবং সরকারি আবাসন পরিদপ্তর তাদের সরকারি বাসভবন প্রস্তুতের কাজ এগিয়ে নিচ্ছে।