
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে করা কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তালা উপজেলা প্রেসক্লাব ও তালা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তার দ্রুত অপসারণের জোর দাবি জানান বক্তারা।
কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত থেকে প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করে থাকেন। দায়িত্বশীল একটি পদে আসীন থেকে সাংবাদিকদের নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য চরম অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। সংবাদ নিয়ে কোনো আপত্তি থাকলে যথাযথ পেশাদার উপায়ে বক্তব্য দেওয়ার সুযোগ থাকলেও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া কোনোভাবেই কাম্য হতে পারে না।
মানববন্ধনে অভিযুক্ত কর্মকর্তা ডা. মিজানুর রহমানের অতীতে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্যও তুলে ধরা হয়। বক্তারা জানান, তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ পেয়ে চাকরির প্রায় ১০ বছরে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি ইতিপূর্বে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও এবং বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন।
মানববন্ধন শেষে সাংবাদিকরা কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ডা. মিজানুর রহমানকে তালা থেকে অপসারণের দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
প্রতিবাদ কর্মসূচিতে তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল এসের জেলা প্রতিনিধি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাংবাদিক এম এ ফয়সাল, কুদ্দুস পাড়, জোহর হাসান সাগর, শফিকুল ইসলাম, এম এম জামান মনি, শাহিন আলম, আজমল হোসেন জুয়েল, শেখ ইমরান, তরিকুল ইসলাম, আতাউর রহমান, মোখলেছুর রহমান, মোতাহিরুল মাহিন, মীর মিল্টন, গোলাম রব্বানী, ফারুক সাগর, জয়দেব চক্রবর্তী, শিরিনা আক্তার, অর্জুন বিশ্বাস, সেকেন্দার আবুজাফর বাবু, জমির উদ্দিন, রফিকুল ইসলাম নয়ন, আরিফ বিল্লাহ, কামাল হোসেন ও হারুন অর রশিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।