
ভোলার তজুমদ্দিনে মৎস্যসম্পদ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেক জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাসনভাঙ্গা চরের দক্ষিণ-পশ্চিম পাশে মাছ শিকার করা অবস্থায় ১০ জেলেকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় মাছ ধরার দুটি ট্রলার।
পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, মো. রাকিব (২৭), আলাউদ্দিন (৪৯), রাব্বি (২০), মো. সুমন (৩২), মো. ইব্রাহিম (২৫), মনির (২৬), রুবেল (৪০), নিরব (২৯), যোবায়ের (২৭) ও মো. রাকিব (২৫)। তাঁদের সবার বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন বলেন, মেঘনা নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিনে কেউ সরকারি আইন লঙ্ঘন করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।