
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, চট্টগ্রামে ২৪৫ জন, খুলনায় ২৩৫ জন, রাজশাহীতে ২১৯ জন, বরিশালে ২১৯ জন, ময়মনসিংহে ৬০ জন, রংপুরে ৬৫ জন এবং সিলেটে ২৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
অন্যদিকে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর এ রোগে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।