
অবৈধ জ্বালানি পাচারের বিরুদ্ধে অভিযানে নড়াইলের কালিয়া উপজেলায় একদিনেই জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ডিজেল, সঙ্গে জরিমানার মুখে পড়েছেন দুই ব্যক্তি।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলবাড়িয়া এলাকায় পৃথক দুটি অভিযানে মোট ৭ হাজার ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ মজুত ও পাচার রোধে বিকেল পাঁচটার দিকে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। এ সময় একটি ভ্যান ও ট্রাক্টরে থাকা ৯টি ব্যারেল থেকে ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তেলের মালিক উপজেলার মাউলী গ্রামের পিন্টু শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর প্রায় এক ঘণ্টা পর একই উপজেলার কলবাড়িয়া এলাকায় আরেকটি অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। সেখানে একটি ট্রাক থেকে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। সংশ্লিষ্ট তেল ব্যবসায়ী উপজেলার যোগানিয়া গ্রামের খায়রুল শেখ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, “দুটি অভিযানে জব্দ করা জ্বালানি তেল (ডিজেল) খুলনার ডুমুরিয়া ও হরিণটানা এলাকা থেকে সংগ্রহ করে কালিয়া এলাকায় আনা হয়েছিল। তারা ওই তেলের জন্য প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ কারণে তেল জব্দ করে কালিয়া ফিলিং স্টেশনের জিম্মায় রাখা হয়েছে। পরে এসব তেল ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।”