
বর্তমান বাজার পরিস্থিতি ও সরবরাহ অবস্থা পর্যালোচনা করে আজ মঙ্গলবারই জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করতে যাচ্ছে সরকার, এমন তথ্য জানিয়েছে জ্বালানি বিভাগ।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি মজুদে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল সংরক্ষিত আছে।
এছাড়া, এপ্রিল মাসের জন্য প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর ফলে আগামী মাসে জ্বালানি সংকটের কোনো সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেন তিনি।
মুখপাত্র আরও বলেন, ডিজেলের তুলনায় দেশে অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলক কম, যা সরবরাহ ব্যবস্থাপনাকে সহজ করছে।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই ডিজেল। এই বিপুল পরিমাণ ডিজেল মূলত কৃষি সেচ কার্যক্রম ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। তাই ডিজেলের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।