
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণকাজের কারণে টানা সাত দিন বন্ধ রাখা হবে। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।
সোমবার (১৯ অক্টোবর) জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে কার্যক্রম
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণকাজ ১৯ অক্টোবর সকাল ৬টায় শুরু হয়ে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত চলবে। এই নির্ধারিত সময়জুড়ে অনলাইন ব্যবস্থাটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।
সফটওয়্যার রক্ষণাবেক্ষণের বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।