
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলনের শেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভায় অতিরিক্ত আইজিগণ, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, সব ধরনের অপপ্রচার ও গুজব সম্পর্কে পুলিশকে সতর্ক থাকতে হবে। কোনো ঘটনা ঘটার আগেই সে বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পুলিশ দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এপ্রিল-জুন ২০২৬ কোয়ার্টারে দেশের সার্বিক অপরাধচিত্র সভায় উপস্থাপন করেন। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ডাকাতি ও ধর্ষণ মামলার তদন্ত কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ আক্রান্তের মামলাগুলোর তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মুলতবি মামলা কমিয়ে সাজার হার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। নিখোঁজ সংক্রান্ত জিডিগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্যও মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় পিবিআই প্রধান (অতিরিক্ত আইজি) মো. মোস্তফা কামাল, সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, এটিইউ প্রধান (অতিরিক্ত আইজি) মো. রেজাউল করিম, র্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ, এসবি প্রধান (অতিরিক্ত আইজি) সরদার নুরুল আমিনসহ বিভিন্ন ইউনিটের প্রধানরা নিজ নিজ ইউনিটের কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অনুষ্ঠানে পুলিশ সপ্তাহ ২০২৬ পালনের সময় প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়। আইজিপি নিজ হাতে তাদের ব্যাজ পরিয়ে দেন।