
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন, দলটির উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে একক আধিপত্য কায়েম করে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক বিএনপি ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
নাসির বলেন, গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, এমনকি চলতি জুলাই ও আগস্টেও যারা আন্দোলনে অংশ নিয়েছেন—তাদের মধ্যে অনেককে উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, সারা দেশে যেখানে ইতিবাচক রাজনীতি চর্চা হচ্ছে, সেখানে মুরাদনগরে সেটির বিপরীত অবস্থা বিরাজ করছে।
ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের গ্রেপ্তারের ঘটনায় তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলেও জানান নাসির। এই ঘটনাকে তিনি অত্যন্ত মর্মান্তিক হিসেবে বর্ণনা করেন।
তিনি অভিযোগ করেন, আসিফ মাহমুদ নিজের ইচ্ছামতো মুরাদনগরের রাজনৈতিক পরিবেশ নিয়ন্ত্রণ করছেন। সেখানে সরকারদলীয় কোনো নেতাকর্মী কারাগারে না থাকলেও বিএনপি ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী এখনও আটক রয়েছেন। তিনি তাদের দ্রুত মুক্তির দাবি জানান।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, এবং কুমিল্লা মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কারাগারে সাক্ষাৎ শেষে নাসির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সান্তনা দেন।