
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। একই সঙ্গে তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও তালিকাভুক্ত করা হবে।
শনিবার (২২ আগস্ট) সন্ত্রাসীদের হামলায় আহত ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজদের তালিকা হচ্ছে। তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকা হবে।’
অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অধ্যাপক আসাদুর রহমানের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রশংসা করি। তবে তাদের আরো কাজ বাকি আছে।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘ডিএমপি ও মেট্রো এলাকায় যারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’