
দীর্ঘ প্রতীক্ষার পর আজ রাতেই শুরু হয়েছে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হয়।
রাত ১১টা ৩০ মিনিটে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে, তখন চাঁদ সম্পূর্ণ রক্তিম রঙ ধারণ করবে। এটি রাত ১২টা ১১ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং শেষ হবে রাত ২টা ৫৫ মিনিটে।
আকাশ যদি পরিষ্কার থাকে, তবে এই অপূর্ব দৃশ্যটি খালি চোখেই দেখা সম্ভব।
মহাকাশ বিষয়ক ওয়েবসাইট স্পেস.কম জানিয়েছে, আজকের চন্দ্রগ্রহণে চাঁদ পুরোপুরি রক্তিম দেখাবে এবং খালি চোখে দেখাও একেবারেই নিরাপদ। কোনো বিশেষ ফিল্টার বা চশমা প্রয়োজন নেই।
চন্দ্রগ্রহণটি দেখার জন্য উপযুক্ত স্থান বাছাই করা জরুরি, যাতে নির্ধারিত সময়ে চাঁদ স্পষ্টভাবে দেখা যায়।
চন্দ্রগ্রহণটি এশিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন অংশে দেখা যাবে। স্পেস.কম আরও উল্লেখ করেছে, এই অঞ্চলে থেকেও যদি কেউ চন্দ্রগ্রহণ দেখতে না পান, তবে সেটিকে ‘কপাল খারাপ’ ধরা যেতে পারে।
সূত্র: স্পেস.কম