
আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন মহাসড়কে সব ধরনের ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৮ মে) সকালে চট্টগ্রামের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তাবিষয়ক এক বিশেষ সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ও পরে মিলিয়ে মোট সাত দিন (২৫ মে থেকে ৩১ মে) মহাসড়কে সাধারণ পণ্যবাহী ভারী যান চলাচল করতে পারবে না। তবে কোরবানির পশুবাহী গাড়ি, জরুরি ওষুধ, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, তৈরি পোশাক এবং বন্দর থেকে খালাস হওয়া মালামাল বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
পবিত্র ঈদে সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বন্দরনগরীর দামপাড়া, অলংকার মোড়, একে খান, ইপিজেড, বন্দর এলাকা, কাঠগড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, শাহ আমানত সেতু এলাকা এবং কদমতলী টার্মিনালসহ সবকটি গুরুত্বপূর্ণ প্রবেশমুখ ও পয়েন্টে বিশেষ ট্রাফিক নজরদারি জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া কোনোভাবেই যেন লক্কর-ঝক্কর ও ত্রুটিপূর্ণ যানবাহন সড়কে নামতে না পারে, পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন করা না হয় এবং মহাসড়কে চালকেরা যেন নির্ধারিত গতিসীমা কঠোরভাবে মেনে চলেন, তা নিশ্চিত করার ওপর সভায় জোর দেওয়া হয়।
উক্ত বিশেষ সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার নেছার উদ্দিন আহমেদ, নিষ্কৃতি চাকমা, মোহাম্মদ লিয়াকত আলী খান, মো. রইছ উদ্দিন, কবীর আহম্মেদ, মো. আলমগীর হোসেন ও মো. আমিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট অংশীজনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।