
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—নজরুল ইসলাম শান্ত (২৫), মারুফ আহাম্মেদ (২৫), জসিম উদ্দিন (২৭), সাকিব হোসেন (২৭) ও মো. বাবলু (২৪)। স্থানীয় বাসিন্দারা রাতেই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় তারা গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাদের সঙ্গে কয়েকজন নারীও ছিলেন। এ সময় পেছন থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন বলে জানান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহাম্মদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভোররাতে গুলিবিদ্ধ চার যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন।
সূত্র জানায়, গুলিবিদ্ধ অপর একজনকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খাঁন গণমাধ্যমকে বলেন, ‘হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’