
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে, এর মধ্যেই গভর্নর পদের পরিবর্তনের বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসবে—এটাই স্বাভাবিক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগের ঘোষণা দেয়।
গভর্নর পদে এত দ্রুত রদবদলের পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে অর্থমন্ত্রী বলেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া৷
তিনি আরও বলেন, এ পরিবর্তনের পেছনে বিশেষ কোনো কারণ নেই এবং ভবিষ্যতেও বিভিন্ন স্থানে রদবদল হতে পারে।