
খুলনার রূপসা উপজেলায় একটি দোকানে ঢুকে বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।
নিহত শেখ জাকির হোসেনের বয়স ৪৩ বছর। তিনি রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকির ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাঁর ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
ওসি মাসুম খান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরক নামে এক ব্যক্তির দোকানে বসে ছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে দোকানের পাশে থামে। তাঁদের একজন দোকানে ঢুকে জাকিরের মাথায় গুলি করে। পরে দুজনই মোটরসাইকেলে ফকিরহাটের দিকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলছে।
এদিকে বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি জরুরি সভা চলছিল। এর মধ্যেই রূপসায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া ওই সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।