
দীর্ঘদিনের দাবি পূরণে অবশেষে উদ্যোগ—ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখননের কাজের উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত এ সফরসূচি নিশ্চিত করেছেন।
দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় পলি জমে ভরাট হয়ে পড়া এই খাল পুনঃখননের দাবি স্থানীয়দের বহুদিনের। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উলাশী খালের কাজ শুরু ছাড়াও যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি বড় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
ঐতিহাসিক উলাশী খালের সূচনা ঘটে ১৯৭৬ সালের ১ নভেম্বর, যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন। শার্শা উপজেলার বেতনা নদীর সংযোগস্থল থেকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি সে সময় কৃষি ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করে এবং স্থানীয়দের কাছে ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।
পরবর্তীতে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল খনন কাজ সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই উদ্যোগ সারা দেশে স্বেচ্ছাশ্রমে খাল খননের একটি জনপ্রিয় মডেল হয়ে ওঠে। তবে সময়ের ব্যবধানে পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয় এবং কৃষি উৎপাদন বাধাগ্রস্ত হয়।
গত ২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যশোরের এক জনসভায় তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে উলাশী খালসহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার খাল পুনঃখনন করা হবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই তিনি নিজে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করতে যাচ্ছেন।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, চার কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের জন্য এক কোটি ৩৭ লাখ টাকার প্রাক্কলন তৈরি করে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত ২ এপ্রিল জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান খাল এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি কাজের মান বজায় রেখে দ্রুত খনন সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে বর্ষার আগেই জলাবদ্ধতা কমে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ে। এ সময় জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার ও জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।