
ব্যক্তিগত অর্জনের প্রায় সব বড় মাইলফলকই ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার পর্তুগিজ মহাতারকার সামনে একমাত্র বড় ব্যক্তিগত লক্ষ্য পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক। সেই স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়েছেন তিনি। শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ে ম্যাচের জয়সূচক গোলটি আসে রোনালদোর ছোঁয়ায়।
এই গোলের ফলে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮। অর্থাৎ ১ হাজার গোলের অনন্য মাইলফলক থেকে এখন মাত্র ২২ গোল দূরে ৪১ বছর বয়সী এই তারকা।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আল নাসর। তবে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। আল তাউনের হয়ে বাসাম মোহাম্মদ আলহুরাইজি গোল করে সফরকারীদের এগিয়ে দেন।
গোল হজমের পর আক্রমণের ধার আরও বাড়ায় আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরায় তারা। সামু কস্তার গোলে ১-১ সমতায় বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিট পরই ম্যাচে নিজের ছাপ রাখেন রোনালদো। মোহামেদ সিমাকানের নেওয়া গোলমুখী শটে শেষ স্পর্শ দেন তিনি। বলটি জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে দলটি।
চলতি সৌদি প্রো লিগে এটি তিন ম্যাচে রোনালদোর দ্বিতীয় গোল। আর চার ম্যাচে চার জয় নিয়ে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে আল নাসর।