
কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপ ফাইনাল দেখে গভীর রাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের পর এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন সরদার (৩০) ওই এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন সরদার আর্জেন্টিনা ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। রোববার রাতে তিনি বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে যান। খেলা দেখার পাশাপাশি সেখানে নৈশভোজেও অংশ নেন। ম্যাচ শেষে গভীর রাতে বাড়ি ফেরায় স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার বাকবিতণ্ডা ও ঝগড়া হয়।
অভিযোগ রয়েছে, পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, গভীর রাতে বাড়ি ফেরা নিয়ে পারিবারিক বিরোধের পাশাপাশি প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে এই দুই ঘটনার কোনোটি বা উভয়টি আত্মহত্যার কারণ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদুর রহমান বলেন, নিহত সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ পারিবারিক কলহ নাকি প্রিয় দলের পরাজয়ের কারণে সৃষ্ট মানসিক আঘাত—এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।