
রুশ ড্রোনের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি স্কুলে আগুন ধরে গেলেও বড় ধরনের হতাহত এড়ানো গেছে। হামলার সময় স্কুলের শতাধিক শিক্ষার্থী আশ্রয়কেন্দ্রে অবস্থান করায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে স্কুল ভবনটিতে ড্রোনটি আঘাত হানে। হামলার পর ভবনে আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। রয়টার্স যাচাই করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ড্রোনটি ভবনের তৃতীয় তলায় আঘাত করার সঙ্গে সঙ্গে সেখানে বড় একটি আগুনের গোলা তৈরি হয়। পরে উদ্ধারকর্মীরা ভবনের আশপাশ থেকে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ সরানোর কাজ করেন।
স্কুলটির পরিচালক ভ্যালেন্তিনা চোর্না জানান, হামলার সময় ভবনে ১০০ জনের বেশি শিক্ষার্থী ছিল। পরে রাশিয়ার বিরুদ্ধে শিশুদেরও হামলা থেকে রেহাই না দেওয়ার অভিযোগ করেন তিনি।
সাউদার্ন ব্রিজেও ড্রোন হামলা
একই দিনে কিয়েভের গুরুত্বপূর্ণ সাউদার্ন ব্রিজেও রুশ ড্রোন হামলার ঘটনা ঘটে। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানান, দুপুরের দিকে দুটি ড্রোন সেতুটিতে আঘাত হানে। পরে রাতে আরও একটি হামলায় সেতুর একটি সাপোর্ট, সড়কের অংশ এবং মেট্রোর সুরক্ষা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
হামলার পর সেতুটিতে সড়ক ও মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ক্ষয়ক্ষতি মোকাবিলায় জরুরি বিভাগের কর্মীরা সেখানে কাজ শুরু করেন। স্থানীয় টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে সেতুর একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়।
কিয়েভে রুশ বাহিনীর প্রায় অব্যাহত হামলার মধ্যেই এসব ঘটনা ঘটল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সাম্প্রতিক সময়ে জেটচালিত ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। প্রচলিত ড্রোনের তুলনায় এসব ড্রোন বেশি উচ্চতায় ও দ্রুতগতিতে উড়তে পারে, ফলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো প্রতিহত করা কঠিন হয়ে উঠছে।
এর আগে বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, রাশিয়া দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে শীতকালীন হামলা শুরু করেছে। একই রাতে কিয়েভের নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউটেও একটি ড্রোন আঘাত হানে বলে প্রতিষ্ঠানটি জানায়। তবে সেখানে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়।
সোমবার কিয়েভের কেন্দ্রস্থলে ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের একটি ভবনেও রুশ ড্রোন আঘাত হানে। ওই ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হন।
এদিকে ইউক্রেনের ওদেসা শহরেও বৃহস্পতিবার রুশ হামলায় একটি ব্যবসায়িক কেন্দ্রে একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি হলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। মস্কোর দাবি, তাদের হামলার লক্ষ্য সামরিক স্থাপনা। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়ে আসছে। বৃহস্পতিবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গ্রাইভোরন শহরে ইউক্রেনীয় ড্রোন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: রয়টার্স