
বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামে এক কিশোরীর গলাকাটা করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তার ওপর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
রিয়া মনি শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে নানি হালিমা খাতুনের কাছে থাকত। রিয়া মনি আজিম শেখের মেয়ে। রিয়া মনির বাবা ও মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে যাওয়ার পথে রাস্তার ওপর ওই কিশোরীর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময় রিয়া মনিকে দিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করাত। কিশোরী রিয়া মনি নিজেও ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েছিল বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
শরণখোলা থানার ওসি সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিশোরী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে সামিনুল ইসলাম উল্লেখ করেন।