
দুই দিন বন্ধ থাকার পর প্রায় ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের আওতাধীন সব ধরনের সেবা পুরোপুরি চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার রাতে সেবাগুলো স্বাভাবিক করা হয়। কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং সংশ্লিষ্ট একাধিক ব্যাংক বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আইটিসি জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা বর্তমানে স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো লেনদেন করতে পারবেন।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়া এক ক্ষুদে বার্তায় জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে। গ্রাহকদের স্বাভাবিকভাবে লেনদেন করার কথাও জানানো হয়।
এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কে সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন ব্যাহত হয়। ওই সময় ব্যাংকগুলো গ্রাহকদের জানিয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা স্বাভাবিক হতে পারে।
তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে দ্রুত সেবা চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে কেন্দ্রীয় ব্যাংকে ডেকে পাঠানো হয়।
মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজ চলায় কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হয়। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কার্যক্রম তদারক করে দ্রুত কার্ডসংশ্লিষ্ট সব সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
এর পরপরই কিউ-ক্যাশের আওতাধীন ব্যাংকগুলোর কার্ড ও লেনদেন সেবা ধাপে ধাপে সচল হয়ে যায়।