
কিংবদন্তি ভারতীয় সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ভারতের গণমাধ্যম, বিশেষ করে এনডিটিভি-সহ বিভিন্ন সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাশাপাশি তিনি ফুসফুসজনিত সমস্যায়ও ভুগছিলেন।
দীর্ঘ প্রায় আট দশকের সংগীতজীবনে আশা ভোঁসলে অসংখ্য ভাষায় হাজারো গান গেয়ে ভারতীয় উপমহাদেশে অমর হয়ে আছেন। হিন্দি চলচ্চিত্র সংগীতে তার অবদান অনন্য।
তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। এছাড়া ২০০৮ সালে পদ্মভূষণ-এ ভূষিত হন এবং ১৯৯৭ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড-এর জন্য মনোনয়ন পান।
প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর-এর বোন এবং সুরকার আর. ডি. বর্মণ-এর স্ত্রী পরিচয়ের বাইরে নিজস্ব প্রতিভায় তিনি হয়ে উঠেছিলেন এক মহাতারকা।
তার মৃত্যুতে ভারতীয় উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কোটি ভক্তের হৃদয়ে তার কণ্ঠস্বর চিরকাল বেঁচে থাকবে।