
কানাডার কিছু দুগ্ধজাত পণ্য, মোটরসাইকেলসহ অধিকাংশ মদ্যপ পানীয় আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে মঙ্গলবার জানিয়েছে হোয়াইট হাউজ।
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের উত্তেজনা কমার কোনো লক্ষণ না থাকায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
মঙ্গলবারই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে কানাডার পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। গত মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের জবাবে কানাডা এই পদক্ষেপ নেয়।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ আরও স্বাধীন হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এ প্রচেষ্টা দ্রুততর করার অঙ্গীকারও করেছেন তিনি।
কার্নি বলেন, ‘এর লক্ষ্য হলো কোনো দেশ যেন আমাদের জিম্মি করতে না পারে তা নিশ্চিত করা। এবং আমরা যেন নিজেদের মতো করে জীবনযাপন করতে পারি।’
দুই দেশের মধ্যে সাম্প্রতিক এই বাণিজ্য বিরোধ বিশ্বের অন্যতম ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ককে বড় ধরনের ধাক্কা দিয়েছে।
গত ২২ আগস্ট যুক্তরাষ্ট্র কানাডা থেকে আমদানি করা প্রায় ৫ শতাংশ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। ওয়াশিংটনের অভিযোগ, কানাডা মার্কিন দুগ্ধজাত পণ্য, অ্যালকোহলযুক্ত পানীয় ও অটো শিল্পের সঙ্গে অন্যায্য আচরণ করছে।
বাণিজ্য বিরোধের জেরে পাল্টাপাল্টি শুল্ক ও নিষেধাজ্ঞায় উত্তর আমেরিকার দুই ঘনিষ্ঠ মিত্রের অর্থনৈতিক সম্পর্ক আরও চাপে পড়েছে।