
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক অভিনন্দন বার্তায় কাতারের প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান। বার্তায় তিনি এ বিজয়কে তাৎপর্যপূর্ণ উল্লেখ করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, বিশেষত শ্রমবাজারে সহযোগিতা, জ্বালানি খাতে অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে। বিশ্লেষকদের মতে, এই শুভেচ্ছা বার্তা দুই দেশের পারস্পরিক সম্পর্কের গুরুত্বকেই নতুন করে তুলে ধরেছে।
বর্তমানে কাতারে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মরত আছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।