
বিভিন্ন অনিয়মে অভিযুক্ত বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর তাঁদের পদত্যাগের ভিত্তিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদে ড. মো. রফিকুল ইসলাম ও এসএম আব্দুল হামিদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই দিনে প্রিমিয়ার ব্যাংকেও তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। ওই সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমানকে চেয়ারম্যান এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গত বছরের এক পরিদর্শনে সুদ মওকুফসহ বিভিন্ন অনিয়মে এই দুই পরিচালকের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে তাঁদের অপসারণের সুপারিশ করে পরিদর্শক দল। পরবর্তী আরেকটি পরিদর্শনেও অনিয়মের সত্যতা পাওয়া যায়। দীর্ঘ প্রক্রিয়া শেষে সম্প্রতি তাঁদের পদত্যাগ করতে বলা হয়। পরে তাঁরা পদত্যাগ করেন।
প্রিমিয়ার ব্যাংকে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ
২০২৪ সালের আগস্টের পর বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠন করা পরিচালনা পর্ষদগুলোর মধ্যে প্রিমিয়ার ব্যাংকও রয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদে নতুন করে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নিয়োগ পাওয়া পরিচালকরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।
তাঁদের মধ্যে মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক-কোম্পানি আইনের বিধান অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংকে যোগদানের আগে তাঁকে ইউসিবি থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।