
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রাজশাহী শিক্ষা বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে বড় সাড়া মিলেছে। নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডের আট জেলার পরীক্ষার্থীরা মোট ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন।
বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর বোর্ডের অধীন আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ১১৩ জন। এবার বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত সাত বছরের মধ্যে এবারই রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফল সবচেয়ে কম। ২০২০ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। পাঁচ বছর পর ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। অর্থাৎ ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ।
গত ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়, যার শেষ সময় ছিল ১৭ আগস্ট। নির্ধারিত সময়ের মধ্যেই রাজশাহী বোর্ডে ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের আবেদন জমা পড়ে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বলেন, “এর মধ্যে সবচেয়ে বেশি আবেমন পড়েছে ইংরেজি বিষয়ে। তারপরে রয়েছে গণিত। অন্য বিষয়গুলো রয়েছে। যেহেতু আবেদন পড়া বিষয়গুলো বিষয় কোর্ড আকারে রয়েছে। তাই এই মুহূর্তে সেভাবে বলা যাচ্ছে না।”