
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এসব আবেদনের মাধ্যমে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্রের ফল পুনর্নিরীক্ষণের অনুরোধ জানানো হয়েছে। ব্যবহারিকসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, আবেদন করা ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় পত্রের মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টির সঙ্গে ব্যবহারিক রয়েছে। ফলে তত্ত্বীয় ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আওতায় আসবে।
পুনর্নিরীক্ষণের ফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন বোর্ড সচিব।
১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। সোমবার ছিল আবেদনের শেষ দিন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। এবার মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের আইইআইএমএস প্রকল্পের আওতায় তৈরি ওয়েবসাইটের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়েছে। প্রতিটি পত্র পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা করে ফি দিতে হয়েছে।
ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এই বোর্ডের ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
অন্যান্য বোর্ডের মধ্যে কুমিল্লায় ৩৫ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী ৯১ হাজার ৪৯৪টি, রাজশাহীতে ৩৯ হাজার ৭৬২ জন ৯৮ হাজার ৭১০টি, যশোরে ২৮ হাজার ৮৬২ জন ৭৪ হাজার ৭১৭টি এবং চট্টগ্রামে ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ১ লাখ ১৪ হাজার ৭০৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
বরিশালে ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী ৫০ হাজার ২৯৩টি, সিলেটে ২০ হাজার ৭৮২ জন ৫০ হাজার ৭১০টি এবং দিনাজপুরে ৩৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী ৮৯ হাজার ২৮৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২০ হাজার ৩০৭ জন দাখিল পরীক্ষার্থী ৩৪ হাজার ৩০৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী ৭১ হাজার ৬৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।