
প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জনের পর এবার অনূর্ধ্ব-২০ এশিয়া কাপেও সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। চীনের হুলুনবুয়িরে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা।
পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দারুণ হকি খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ।
চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা। শেষ দিকে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
পুরো টুর্নামেন্টে লড়াকু পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছিল দলটি। এলিট গ্রুপের জাপানের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হকি খেলেছে তারা।
বাংলাদেশ নারী হকি দলের কোচ জাহিদ হোসেন রাজু বলেন, ‘আমরা চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। প্রতিদ্বন্দ্বিতা করেছি এলিট গ্রুপের জাপানের সঙ্গে। মেয়েরা আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে জাপানের সঙ্গে ভালো ফল করতে পারত। গতকাল তাদের কাছে হারের পর আজ মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে।’
এশিয়া কাপ থেকে চারটি দল অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে ভারত স্বাগতিক হলে পঞ্চম স্থান অর্জন করেও বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
এ বিষয়ে কোচ রাজু বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের অনেকেই বলছে, পঞ্চম হলে আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে। কিছু দিনের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।’
রাজুর কোচিংয়েই বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে। জুনিয়র দলের এই সাফল্য নারী হকির ভবিষ্যৎ নিয়েও নতুন আশার জন্ম দিয়েছে।
এদিকে শনিবার বিকেলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ পুরুষ হকি দল।