
টানা দুই ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলাভেস। টনি মার্টিনেজের জোরালো শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ৩০তম মিনিটে বক্সের বাইরে থেকে এমবাপ্পের নেওয়া শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল।
প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও ব্যর্থ হন এমবাপ্পে। উল্টো যোগ করা সময়ে টনি মার্টিনেজের শট পোস্টে লাগলে সমতায় ফেরার সুযোগ হারায় আলাভেস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত একক প্রচেষ্টায় ডিফেন্স ভেঙে নিচু শটে গোল করেন। এরপর ব্রাহিম দিয়াজের শট গোললাইন থেকে ক্লিয়ার করেন নাহুয়েল তেনাগ্লিয়া।
ম্যাচের শেষদিকে চাপ বাড়ায় আলাভেস। যোগ করা সময়ে টনি মার্টিনেজ গোল করে ব্যবধান কমালেও জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে পয়েন্ট তালিকায় কিছুটা স্বস্তি পেলেও এখনো শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে বিদায় নেওয়ার পর এই জয় মাদ্রিদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রক্ষণভাগের দুর্বলতা এখনো চিন্তার কারণ। টানা ৯ ম্যাচে গোল হজম করেছে তারা।