
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন অধ্যায়ে পা রাখল ওয়ান পিস। বহু প্রতীক্ষিত ‘এলবাফ আর্ক’-এর প্রিমিয়ার পর্ব ইতিমধ্যে দর্শকদের সামনে এসেছে, আর শুরু থেকেই তা যেন এক আবেগঘন উদযাপন। ২৫ বছর আগে ‘লিটল গার্ডেন’-এ লুফি ও উসপের যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল, সেই প্রতিশ্রুতির পথেই এবার সত্যি সত্যিই এগোতে শুরু করেছে স্ট্র হ্যাট ক্রুরা।
প্রথম পর্বের শুরুতেই ফিরে যাওয়া হয় পুরোনো স্মৃতিতে। ছোট্ট এক ফ্ল্যাশব্যাকে দেখা যায়, লুফি ও উসপ আনন্দে গান গাইতে গাইতে ‘দৈত্যদের দেশ’ এলবাফে যাওয়ার প্রতিজ্ঞা করছে। সেই মুহূর্তই ছিল তাদের বন্ধুত্বের এক গুরুত্বপূর্ণ বাঁক, আর উসপের জীবনের লক্ষ্য নির্ধারণের সূচনা। বহু বছর পর সেই স্বপ্নের বাস্তবায়নের পথে হাঁটতে দেখা যাচ্ছে তাদের, যা দর্শকদের জন্য এক ধরনের নস্টালজিক আনন্দও তৈরি করেছে।
এবারের সিজনে বড় পরিবর্তনও এসেছে। আগে যেখানে নিয়মিত সাপ্তাহিকভাবে প্রচার হতো, এখন বছরে সীমিত পর্ব প্রকাশ করা হচ্ছে। তবে এই নতুন ফরম্যাটে গল্প ছোট করে ফেলা হয়নি। বরং প্রিমিয়ার পর্বে ইচিরো ওদা-র মাঙ্গার মাত্র একটি অধ্যায়কে ধীরে ও যত্ন নিয়ে তুলে ধরা হয়েছে, যেখানে গল্পের আবহ তৈরি করাই ছিল মূল লক্ষ্য।
চিত্রনির্মাণেও চোখে পড়ার মতো উন্নতি এসেছে। টোয়েই এনিমেশন এবার আগের মতো শুধু পুরোনো দৃশ্য ব্যবহার না করে নতুন করে অ্যানিমেশন তৈরি করছে। ফলে ফ্ল্যাশব্যাক থেকে শুরু করে প্রতিটি মুহূর্তেই রয়েছে ঝকঝকে ভিজ্যুয়াল আর গতিময়তা। স্ট্র হ্যাট দলের হালকা মজার মুহূর্তগুলোও পর্বটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ করে ব্রুকের গান পরিবেশন, যা অনেক দিন পর দর্শকদের মনে করিয়ে দেয় দলের এই সংগীতশিল্পীর গুরুত্ব।
একই সঙ্গে বৃহত্তর বিশ্বের ইঙ্গিতও পাওয়া যায় এই পর্বে। সমুদ্রের শক্তিধর চরিত্রদের নড়াচড়া স্পষ্ট হয়ে ওঠে। শ্যাঙ্কস তার প্রভাব বিস্তার অব্যাহত রাখছে, আর ব্ল্যাকবিয়ার্ডও যেন বড় কিছু করার প্রস্তুতিতে ব্যস্ত। সব মিলিয়ে বোঝা যায়, গল্প ধীরে ধীরে তার চূড়ান্ত পর্বের দিকে এগোচ্ছে।
যদিও এই পর্বে এলবাফে পৌঁছানো হয়নি, তবুও বিশ্বজুড়ে চলা এই প্রতিযোগিতার চিত্র তুলে ধরে গল্পকে আরও বিস্তৃত করে তোলা হয়েছে। একই সঙ্গে রয়েছে মজার মুহূর্ত, হালকা রহস্য, আর ভবিষ্যতের বড় ঘটনার ইঙ্গিত। শেষাংশে ক্রেডিটের পর একটি অদ্ভুত ইঙ্গিতও রাখা হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
প্রিমিয়ারের এই শক্তিশালী সূচনার পর পরবর্তী পর্বের অপেক্ষা আরও তীব্র হয়ে উঠেছে। ১২ এপ্রিল মুক্তি পেতে যাওয়া ১১৫৭তম পর্বে গল্প আরও এগোবে বলে আশা করা হচ্ছে, যেখানে নতুন রহস্য ও অভিযানের দিগন্ত খুলে যেতে পারে।