
শেরপুরের নকলায় শহীদ আব্দুল আজিজের (২৮) পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার গৌড়দ্বার এলাকায় শহীদ আব্দুল আজিজের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম।
উল্লেখ্য, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেল হক মেজোর ছেলে আব্দুল আজিজ জীবিকার তাগিদে গাজীপুরের বাসন থানা এলাকায় একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
২০২৪ সালের ৫ আগস্ট গাজীপুরে তার কর্মস্থলের কাছেই ছাত্র আন্দোলন চলাকালে তিনি মোবাইল ফোনে আন্দোলনের ভিডিও ধারণ করছিলেন। এ সময় ছোড়া রাবার বুলেট তার গায়ে লাগে।
পরে এক সহকর্মীর সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর, ৭ আগস্ট, তার মৃত্যু হয়। পরদিন, ৮ আগস্ট, জানাজা শেষে নকলা উপজেলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরপর তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন।