
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ছায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, ছায়েব আলী একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি এনসিপিতে যোগ দেন। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
থানায় হামলা, আহত ৭ পুলিশ
পুলিশ জানায়, ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার সময় তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সংঘর্ষ বাধে। এতে থানার অন্তত সাত সদস্য আহত হন।
এদিকে ছায়েব আলীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর উপজেলা এনসিপির নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের ধাওয়া করেন। এতে তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
জেলা কারাগারে পাঠানো হয়েছে ছায়েব আলীকে
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর রোববার রাতেই ছায়েব আলীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।