
প্রায় ১৪ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ের নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। কৃষি, অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, পানিসম্পদ ও জ্বালানি খাতের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প এ সভার আলোচ্যসূচিতে রয়েছে।
বুধবার, ২২ জুলাই সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় মোট নয়টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে চারটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ হাজার ৭২৭ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পাঁচটি প্রকল্প রয়েছে। এর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত। এ ছাড়া ভৌত অবকাঠামো ও আর্থসামাজিক অবকাঠামো বিভাগের একটি করে সংশোধিত প্রকল্প এবং শিল্প ও শক্তি বিভাগের দুটি প্রকল্পের মধ্যে একটি নতুন ও একটি সংশোধিত।
একনেক সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা’ প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের আওতায় রয়েছে ‘বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন’ প্রকল্প এবং ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান এবং সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২)’ প্রকল্পের প্রথম সংশোধনী।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের তৃতীয় সংশোধনী, সেতু বিভাগের ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ‘বেগমগঞ্জ-৫’ মূল্যায়ন ও উন্নয়ন কূপ এবং ‘বেগমগঞ্জ-৬’ ও ‘সুনেত্র-২’ অনুসন্ধান কূপ খনন প্রকল্পও আলোচনায় রয়েছে।
বিদ্যুৎ বিভাগের ‘বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ’ (তৃতীয় সংশোধন) এবং স্বাস্থ্যসেবা বিভাগের ‘মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ ও জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন’ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
এদিকে সভায় অনুমোদনের জন্য নয়, বরং সদস্যদের অবহিত করার উদ্দেশ্যে আরও ১১টি প্রকল্প তোলা হবে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি আঞ্চলিক অফিস স্থাপন, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্প, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগের দুটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প সম্পর্কেও একনেক সদস্যদের অবহিত করা হবে।