
ভর্তুকি মূল্যে নিম্নআয়ের মানুষের কাছে সরবরাহের জন্য এক কোটি লিটার পরিশোধিত পাম তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা ৪৮ পয়সা, এতে মোট ব্যয় হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা।
বুধবার (২৫ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। এই তেল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্ডধারী প্রায় এক কোটি নিম্নআয়ের পরিবারের কাছে বিক্রি করা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে পাঁচটি লটে তেল কেনার প্রস্তাব দেয়। এতে মোট ১৬টি দরপ্রস্তাব জমা পড়ে এবং যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজকে নির্বাচিত করা হয়।
পরিবহন খরচসহ টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার তেলের দাম পড়বে ১৬৩ টাকা ৪৮ পয়সা।
এদিকে একই বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইপিআই কর্মসূচিতে ব্যবহৃত টিকা সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১০ ধরনের টিকা কিনতে ব্যয় হবে ৬০৪ কোটি ৫ লাখ ৫ হাজার ৮৯৫ টাকা।
এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৪৭৬.৩৭৫ মার্কিন ডলার, এতে মোট ব্যয় হবে প্রায় ১৭৫ কোটি ৩৫ লাখ টাকা।
সরকারি এই ক্রয় সিদ্ধান্তগুলো দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং জনস্বাস্থ্য কর্মসূচি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।