
ইয়েমেনের উপকূলে তেলবাহী একটি ট্যাংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। তবে হামলার সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের বরাতে জানা গেছে, শাবওয়া প্রদেশসংলগ্ন উপকূলে ‘এম/টি ইউরেকা’ নামের ট্যাংকারটি অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা জোরপূর্বক দখলে নেয়। পরে জাহাজটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে সেটিকে এডেন উপসাগর পেরিয়ে সোমালিয়ার জলসীমার দিকে সরিয়ে নেওয়া হয়।
এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, মুকাল্লা বন্দরের প্রায় ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজের কাছাকাছি সন্দেহজনক নৌযানের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সংস্থাটি জানায়, একটি সবুজ রঙের ছোট নৌকা এবং একটি মাছ ধরার ট্রলার জাহাজটির দিকে এগিয়ে আসছিল।
ইউকেএমটিওর সতর্কবার্তা প্রকাশের পর থেকেই ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
সূত্র: আল–জাজিরা