
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে উত্তরপত্রে রোল নম্বর না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে কোডিং ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে উপাচার্যের কার্যালয়ে গেলে তাঁদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ‘তোমাদের যে মূল্যায়ন খাতা আছে, সেখানে কোনো রোল নম্বর থাকবে না। এটি কোডিং সিস্টেমের মধ্যে নিয়ে আসা হচ্ছে। আমি যে জায়গাগুলোতে হাত দিচ্ছি, সেটা তোমাদের জন্য মঙ্গলজনক। আমি শিক্ষক থেকে এখানে আসছি, আসমান থেকে তো আসিনি। আমি শিক্ষার্থীদের সমস্যাগুলো জানি। আমি চাই, শিক্ষার্থীরা যে যেটা ডিজার্ভ করে, তার যোগ্যতা অনুযায়ী যেন সে সেটা পায়।’
তিনি বলেন, বিভাগের যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের জন্যও কাজ চলছে। বিভাগে আগের চেয়ে আরও ভালোভাবে একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষার্থীদের আশ্বস্ত করে উপাচার্য বলেন, ‘তোমাদের যেকোনো একাডেমিক সমস্যা, পরীক্ষাসংক্রান্ত বিষয় ও যৌক্তিক কোনো ইস্যু থাকলে তা আমার কাছে নিয়ে আসবে। সমস্যাগুলো নিয়ে কথা বলতে আমি সবসময় প্রস্তুত।’
শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লক্ষ্য বলেও জানান তিনি।